content stringlengths 0 129k |
|---|
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি দেশের সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করে জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে; বিশেষ করে সীমান্তবর্তী (রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, নওগাঁ, এবং খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট) এলাকায় সংক্রমণের উচ্চহার দেখা যাচ্ছে |
কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, আরটি-পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা করে কো-অর্ডিনেশন করা মুশকিল, যদি এসব এলাকায় অ্যান্টিজেন টেস্ট করা হয়, তা হলে একটা সুরাহা হবে |
তাতে দ্রুত রোগী শনাক্ত হবে, আর রোগী শনাক্ত হলে তাদের আইসোলেশন করা, রোগীর সংস্পর্শে আসাদের কোয়ারেন্টিন করতে সুবিধা হবে |
আর যেসব এলাকায় আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, সেখানে অ্যান্টিজেন পরীক্ষা করা হলে রোগী শনাক্তের হার আরও বাড়বে, আর তখন সে অনুযায়ী ব্যবস্থা নিতেও সুবিধা হবে |
রাজশাহী বিভাগে এক দিনে করোনা শনাক্তে রেকর্ড |
রাজশাহী ব্যুরো : আমজাদ হোসেন শিমুল জানান, রাজশাহী বিভাগে বেড়েছে করোনা ভাইরাস শনাক্ত |
গত রবিবার ও গতকাল সোমবার রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে |
তবে কমেছে মৃত্যু |
সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত দুজন মারা গেছেন |
মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়েছে |
পিসিআর ল্যাব, র্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট মেশিনে মোট ৩ হাজার ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয় |
৬০৭ জনের করোনা শনাক্ত হয়েছে (শনাক্তের হার ১৮ দশমিক ১৫ শতাংশ) |
বিভাগের করোনা শনাক্ত হওয়ার পর থেকে এক দিনে এটাই সর্বোচ্চ |
আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৫০২ জনের |
গতকাল সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে |
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, নতুন ৬০৭ জন নিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৩১ |
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রাজশাহী জেলার ২৭০ জন |
এক দিনে জেলায় এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড |
দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে নওগাঁয় ১১৯ জন |
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৭৫ জন, নাটোরে ৩৫ জন, জয়পুরহাটে ৬১ জন, বগুড়ায় ১৬ জন, সিরাজগঞ্জে ১৫ জন ও পাবনায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে |
বিভাগে ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ৩৪৪ জনের নমুনার মধ্যে ২ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে |
এতে করোনা শনাক্ত হয়েছে ২৭৭ জনের (১২ দশমিক ৫১ শতাংশ) |
পিসিআর ল্যাবে ১ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৮৪ জনের (২৬ দশমিক ৮১ শতাংশ) |
আর জিন-এক্সপার্ট মেশিনে মোট ৭১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৬ জনের (৬৪ দশমিক ৭৮ শতাংশ) |
২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা যাওয়া ২ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা |
এ নিয়ে বিভাগে করোনায় মৃতের মোট সংখ্যা ৫৯৭ |
এর মধ্যে ৩১৮ জন বগুড়া জেলার আর ৯৩ জন রাজশাহীর |
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নওগাঁর ৪৫, নাটোরের ২৭, জয়পুরহাটের ১২, সিরাজগঞ্জের ২৪ ও পাবনার ২২ জনের মৃত্যু হয়েছে |
গত ৫ জুন বিভাগে মোট ১১ জন করোনা রোগী মারা যান |
এ পর্যন্ত এটাই বিভাগে এক দিনে সর্বোচ্চসংখ্যক মৃত্যুর ঘটনা |
প্রতিবেদন অনুযায়ী বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা কমেছে |
আগের দিন ৪৩৯ জনের সুস্থ হওয়ার কথা বলা হয়েছিল |
আজকের প্রতিবেদনে নতুন ১০৬ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয় |
এ নিয়ে বিভাগে মোট সুস্থ হলেন ৩২ হাজার ৩৮৫ জন |
বর্তমানে বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৫৫ জন |
এর মধ্যে ৩৫ জন ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায় |
দিনাজপুর জেলায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় প্রতিরোধ কমিটির জরুরি সভা |
দিনাজপুর থেকে রতন সিং জানান, করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের নিয়ে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে |
সভায় ভার্চুয়ালি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাস পিএইচডি সংযুক্ত থেকে আলোচনায় অংশগ্রহণ করে দিকনির্দশনামূলক বক্তব্য রাখেন |
বৈঠকের বিষয়ে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির বলেন, এই জেলায় বর্তমানে কোভিড-১৯ সংক্রম ক্রমান্বয়ে বেড়ে যাওয়ায় সরকার তথা প্রশাসনের মধ্যে উদ্বেগ বাড়ছে |
ফলে গত রবিবার বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় |
বেঠকে জেলা প্রশাসকের সভাপতিত্বে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম |
হুইপ ইকবালুর রহিম জেলার করোনা পরিস্থিতির সার্বিক বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ও সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুসের বক্তব্য শোনেন |
একই বক্তব্য শোনেন ধর্ম সচিবও |
তাদের পরামর্শ অনুযায়ী আগামী ৩ দিন জেলায় জনসচেতনতা বৃদ্ধি করতে প্রচারের চালানো হবে |
পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে জেলার সর্বত্র গণসংযোগের মাধ্যমে করোনার ভয়াবহতার বিষয় অবগত করা এবং বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রচার ও সর্বত্র জনসমাবেশ না করতে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় |
গত রবিবার রাতের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ (সোমবার) সকাল থেকেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার জেলা শহরে বের হয়ে হাটবাজার, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনসহ ব্যস্ততম এলাকায় অহেতুক জনসমাবেশ না ঘটানোর জন্য জনসাধারণকে পরামর্শ দিয়ে স্থান ত্যাগ করার জন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানো হয় |
এ ছাড়া দিনাজপুর শহরে ৫টি মোবাইল টিম এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন জনসাধারণকে মাস্ক ব্যবহারে সতর্ক করা হয় |
এ সময় শহরেই ১৬০ জনকে মাস্ক ব্যবহারে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয় |
জেলা প্রশাসক জানান, জেলার ১৩টি উপজেলাতেই এ ধরনের উদ্বুদ্ধকরণ কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে গতকাল সোমবার সকাল থেকে শুরু করা হয়েছে |
নওগাঁয় লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ মানার ক্ষেত্রে সাধারণ মানুষের শিথিলতা |
নওগাঁ থেকে আসাদুর রহমান জয় জানান, নওগাঁয় চলমান বিশেষ লক ডাউনের পঞ্চম দিন সোমবার সাধারণ মানুষের মধ্যে বিধিনিষেধ মানার ক্ষেত্রে শিথিলতা দেখা গেছে |
লকডাউন ঘোষিত এলাকা নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় সাধারণ মানুষের অবাধ বিচরণ বৃদ্ধি পেয়েছে |
দোকানপাট বন্ধ থাকলেও পুলিশের প্রহরা এড়িয়ে বিভিন্ন সড়কে ছোট ছোট যানবাহন; বিশেষ করে রিকশা, ভটভটি, বেবিট্যাক্সি, অটো, সিএনজি, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে |
এসব সড়কে বিপুলসংখ্যক সাধারণ মানুষকে হেঁটে চলাচল করতেও দেখা গেছে |
তবে প্রধান প্রধান সড়ক এবং এসবের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের তদারকি অব্যাহত রয়েছে |
নওগাঁ পৌরসভা এলাকায় পুলিশ বিভাগের পক্ষ থেকে ২৩টি ও নিয়ামতপুর উপজেলায় ১৮টি চেকপোস্ট বসানো হয়েছে |
এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন |
তার পরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না |
নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে |
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫০৪ জনে |
২৪ ঘণ্টায় নাটোরে করোনা সংক্রমণের হার ৪৯ শতাংশ |
নাটোর প্রতিনিধি আল মামুন জানান, নাটোরে করোনার সংক্রামণের হার ৫২ শতাংশ থেকে ৩ শতাংশ কমে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ৪৯ শতাংশ |
শহরে আক্রান্তের হার বেশি হওয়ায় শহরবাসীকে পরীক্ষায় উৎসাহিত করতে সোমবার থেকে বিনামূল্যে পরীক্ষার জন্য বিশেষ বুথ স্থাপন করেছে জেলা প্রশাসন |
নাটোরের সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নাটোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জনের অ্যান্টিজেন টেস্টের মধ্যমে পরীক্ষা করে ২৪ জন পজিটিভ হয়েছেন |
এ ছাড়া রাজশাহীর পিসিআর ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন পজিটিভ হয়েছেন |
নাটোর সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. পরিতোষ কুমার বলেন, ৫ জন করোনা আক্রান্ত ছুটি পেলেও নতুন করে আরও ৭ জন ভর্তি হয়েছেন |
এই হাসপাতালটিতে করোনার রোগীদের জন্য ৩১ বেড থাকলেও চিকিৎসাধীন ৩৯ জন |
এ ছাড়া হাসপাতালটিতে আইসিইউ বেড না থাকায় জটিল রোগীদের পাঠানো হচ্ছে রাজশাহীতে |
নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ বলেন, বর্তমানে জেলায় ৩৩৮ জন করোনা পজিটিভ রয়েছেন |
এর মধ্যে শহরে সংক্রমণের হার বেশি |
সংক্রমণের হার ঊর্ধ্বগতির কারণে করোনা টেস্টে শহরবাসীকে উৎসাহিত করতে বিনামূল্যে টেস্টের ব্যাবস্থা করা হয়েছে |
কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে নির্মিত বিশেষ বুথ থেকে শহরবাসীকে নমুনা প্রদানের আহ্বান জানান তিনি |
বেশি বেশি টেস্ট করে শহরের আক্রান্তের প্রকৃত অবস্থা জানতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি |
বাগেরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধিতে ইউপি নির্বাচন স্থগিতের দাবি সচেতন মহলের |
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে |
প্রতিদিনই ভারী হচ্ছে মৃত্যুর মিছিল |
জেলায় সংক্রমণের হার ছাড়িয়েছে ৪৫ শতাংশের ওপরে |
জেলার মোংলায় এই হার রয়েছে ৭০ শতাংশের ওপরে |
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন বাগেরহাটের সচেতনমহল |
অনেকেই মনে করেন বাগেরহাটে এই মুহূর্তে করোনার যে পরিস্থিতি, তাতে নির্বাচন দিলে আগামীতে আরও চরম ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে |
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, দশ দিন যাবৎ বাগেরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে |
এর মধ্যে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে মোংলা ও মোরেলগঞ্জে |
সদরেও সংক্রমণের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে |
মোংলায় ৭০ শতাংশ এবং জেলায় সংক্রমণের হার ৪৫ শতাংশ |
এই পরিস্থিতিতে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে |
ঘোষণা অনুয়ায়ী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে |
এটা যেহেতু স্থানীয় সরকারের নির্বাচন; সেখানে নির্বাচনী কাজে জনগণের একটা উল্লেখযোগ্য মুভমেন্ট হবে, যার ফলে করোনা সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে |
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে না লকডাউনের মেয়াদ |
চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের কিছুটা উন্নতি হওয়ায় এবং উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে সর্বাত্মক বিশেষ লকডাউনের মেয়াদ আর বাড়ছে না |
তবে আগমীকাল থেকে ১৬ জুন পর্যন্ত ৭ দিনের বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে |
গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন |
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশসাক জানান, 'দোকানপাট ও শপিংমল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে খোলা যাবে; খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁগুলো সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য সরবরাহ ও বিক্রি করতে পারবে |
সব ধরনের সাপ্তাহিক হাটবাজার বন্ধ থাকবে; জনসমাবেশ হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে; আম পরিবহন ব্যতীত সব আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধ থাকবে, তবে অর্ধেক যাত্রী নিয়ে অভ্যন্তরীণ গণপরিবহন চলাচল করতে পারবে |
এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় ও পরিবহন চালু থাকবে |
এ ছাড়াও জরুরি ও অত্যাবশকীয় পণ্য এবং সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে |
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন |
সংবাদটি শেয়ার করুন: |
গুগল প্লাস |
" " আগের সংবাদ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.