content stringlengths 0 129k |
|---|
কেনাকাটার ভরসা তাই কেবল ছোট মেয়েটা |
সেজন্য আগের রাতের জিম্মি ঘটনাকে পাশ কাটিয়ে শনিবার বিকেলে অফিসে থেকেই মেয়েটাকে ফোন করে কেনাকাটার জন্য রেডি হতে বললাম |
ওর অফিস বন্ধ তাই সময় নিয়ে তার কোন সমস্যা নেই |
কিন্তু ফোনের অন্যপ্রান্ত থেকে আমার মেয়ের প্রতিক্রিয়া শুনে আমি স্তম্ভিত হয়েছিলাম |
'এটি কোন বাংলাদেশ বাবা |
এই বাংলাদেশ তৈরি করতেই তোমরা যুদ্ধ করেছিলে?' কিসের ঈদের কাপড়, ওর প্রশ্নের জবাব তো আমি দিতে পারিনি |
সত্যিই তো পাকিস্তান নামক একটি ইসলামী রাষ্ট্রকে ভেঙ্গে বাংলাদেশ নামক বাঙালীদের একটি রাষ্ট্র তো ধর্মের নামে খুনের জন্য আমরা তৈরি করিনি |
তবুও কেন ঘটছে এই ঘটনা? আমি সত্যিই জানি না গুলশান ঘটনার পর আমার মেয়ের মতো কত লাখ লাখ মেয়ে এবারের ঈদে কাপড় কিনেনি |
অন্যদিকে আমি আমার বড় মেয়ের জিজ্ঞাসারও জবাব দিতে পারিনি |
আমার বড় মেয়ে রিনকি (সাবরিনা) থাকে নাইজিরিয়ায় |
পেশায় ডাক্তার |
এমএসএফের সঙ্গে কাজ করে |
এই সংস্থাটি দুনিয়ার তাবত বিপদসঙ্কুল এলাকায় কাজ করে |
সেই সুবাদে আফগানিস্তানে ছিল সে |
ছিল সিরিয়াতে |
সন্ত্রাস, জঙ্গীবাদ, যুদ্ধবিগ্রহ কিছুই দেখতে বাকি নেই |
বোমা আর গোলাগুলির মাঝেই স্বাস্থ্য সহায়তা নিয়ে তার রাত দিন কাটে |
সন্ত্রাসী আর জঙ্গীদের সঙ্গে তার কখনও কখনও আলোচনাও করতে হয় |
আফগানিস্তান থেকে বাংলাদেশ আসার পথে একবার খাইবার পাসে গোলাগুলিতে আটকে পড়েছিল |
এখন থাকে নাইজিরিয়ায় জঙ্গীগোষ্ঠী বোকো হারামের দেশে |
কদিন আগে দেশে এসেছিল |
বলেছিল বোকো হারামের নির্মমতার কথা |
ওরা নাকি স্কুলে পড়তে গেলে, হাসপাতালে টিকা নিলে বা চিকিৎসা গ্রহণ করলে গ্রামকে গ্রাম উজাড় করে মানুষ মেরে ফেলে |
মেয়েরা টিকা নিতে আসতে পারে কেবল যদি স্বামীর অনুমতি পাওয়া যায় |
তার ভাষায় সেই তুলনায় বাংলাদেশ স্বর্গরাজ্য |
বিশেষত আমাদের দেশের মেয়েদের লেখাপড়া ও কর্মজীবন তাকে বিশ্বের বুকে মাথা উঁচু করতে দেয় |
সেই মেয়েও ঢাকার জিম্মি ঘটনায় বিস্মিত হয়েছে |
নাইজিরিয়া থেকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে জানতে চেয়েছিল, এমন কেন হলো আব্বু? কেন ২০/২৫ বছরের শিক্ষিত তরুণরা বিনা কারণে নিরীহ মানুষগুলোকে মেরে ফেলল? সেও মানতে পারছে না তার বাংলাদেশে এমন ঘটনা ঘটতে পারে |
নিজের দেশটা নিয়ে তার অনেক গর্ব ছিল |
পাকিস্তানীদের মুখের ওপর বলত যে বাংলাদেশ শিক্ষিতদের দেশ-মূর্খদের নয় |
সে সবাইকে বলত, আমরা মুসলমানপ্রধান দেশ বটে- তবে আফগানিস্তান বা পাকিস্তান নই |
মেয়ের গলাটা ভিজে গেল, 'আব্বু এখন আর সেই গর্বটা কি করতে পারব না |
' সেদিন মেয়েকে জবাব দিতে পারিনি |
তবে এখন আমি আমার মেয়েকে বলতে পারি- তুমি বাংলাদেশটা দেখে যাও- আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং সন্ত্রাসীরা জিততে পারেনি |
বাঙালী ভীত নয় |
ওরা একাত্তরের শক্তি নিয়েই রুখে দাঁড়িয়েছে |
ভাবতে হচ্ছে ভীষণ বিপরীত স্রোতের কথা |
গুলশানে যারা নিরীহ মানুষ মেরেছে একাত্তরে এই বয়সের তরুণরা স্বাধীন দেশ গড়ে তুলতে অস্ত্র হাতে নিয়েছিল |
স্বাধীনতার সাড়ে চার দশক পর তার বিপরীত দৃষ্টান্ত কেন দেখছি আমরা? ৩ জুলাই প্রধানমন্ত্রী এই জঙ্গীবাদের শেকড় খুঁজে বের করার প্রত্যয় ঘোষণা করেছেন |
সেটি অবশ্যই করতে হবে |
কিন্তু আমার মনে হয় কেবল জঙ্গীবাদের শেকড় সন্ধান করলেই হবে না, আমাদের জাতীয়তা ও রাষ্ট্রের ভিত যে শেকড়ে সেটিও সুস্পষ্ট করতে হবে |
আমরা বরং এই কথাটি খুব স্পষ্ট করেই বলতে পারি যে জঙ্গীবাদের যেমন রাজনৈতিক শেকড় আছে তেমনি আছে ধর্মীয় ও শিক্ষার |
কেবল প্রশাসনিকভাবে এই শেকড় উপড়ানো যাবে না |
একটি সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন এবং শিক্ষাব্যবস্থার আমূল রূপান্তর ছাড়া জঙ্গীবাদের শেকড় উপড়ানো যাবে না এবং রাষ্ট্রের শেকড় মজবুত করা যাবে না |
আমরা যদি বাংলাদেশকে ইসলামী রিপাবলিক বানাবার বিষয়টিকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রশ্রয় দিই তবেই দেশটি ততো বিপন্ন হবে |
গুলশানের ঘটনার এক সপ্তাহের মাঝেই এই বিষয়টি নিশ্চিত করা গেছে যে বাংলাদেশের জঙ্গীবাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক থাকলেও আমাদের দেশের জঙ্গীরা স্থানীয় |
সাধারণভাবে তার পরও প্রশ্ন দাঁড়াবে শেকড়টা কোথায় এবং তাকে সজীব করতে হবে কেমন করে? আমি নিজে মনে করি ১ জুলাই'১৬ রাতের দুর্ঘটনাটি একেবারেই অপ্রত্যাশিত না হলেও এই মাত্রার জঙ্গীবাদের সঙ্গে এই দেশ সরাসরি পরিচিত নয় |
দূরদেশের জিম্মি কর্মকা- মিডিয়াতে দেখে আমরা মতামত দিয়েছি |
ভারতীয় হাইকমিশনে জিম্মি নাটক ও একটি প্ল্যান হাইজ্যাকের ঘটনা ছাড়া আর কোন হাইজ্যাক ঘটনাও আমার স্মৃতিতে নেই |
তবে সেই জন্ম থেকেই সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক হত্যা, গুম, খুন, সন্ত্রাস, জঙ্গীবাদ দেখে আসছি |
ইদানীং ব্লগার, পুরোহিত, যাজক মারার বাইরে মিতু-তনু হত্যার মতো ইত্যাদি ঘটনাও ঘটছে |
শোলাকিয়ার হামলাচেষ্টা একেবারেই নতুন |
এইসব হামলা-খুন-গুপ্তহত্যা চরম উদ্বেগের হলেও অন্যদেশের তুলনায় অপেক্ষাকৃত মডারেট মুসলিম দেশের পরিচয়টা আমরা দিতে পারতাম |
ধারণা করা হতো ১৬ কোটি মানুষের দেশে গুপ্তহত্যা ঠেকানো যথেষ্ট কষ্টকর |
এরই মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পরম সক্ষমতাও দেখিয়েছে |
বিশেষত এই সরকারের আমলে বিডিআর বিদ্রোহ দমন, হেফাজত দমন ও অন্যান্য জঙ্গীবাদ মোকাবেলায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার প্রশংসা করতেই হবে |
শোলাকিয়ার ঘটনা মোকাবেলার জন্য আমরা গর্ব করতে পারি |
আমাদের মতো জঙ্গী আক্রান্ত দেশে যতটা স্বাভাবিক জীবন যাপিত হচ্ছিল তাতে উদ্বেগ থাকলেও চরম ভয়ঙ্কর কিছু ছিল না |
যদিও বারবার আমরা এদের হাতে আক্রান্ত হয়েছি-তথাপি একটি বিশেষ কারণ আমরা খুঁজে পেতাম যে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে আমরা একটু বাড়তি চাপে পড়েছি |
এসবের পেছনে জামায়াত-বিএনপি এবং একাত্তরের পরাজিত অন্য দেশদ্রোহীরা যুক্ত আছে সেটি সবাই জানে |
যাহোক, এবার আসা যাক জিম্মি ঘটনায় |
এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ার কল্যাণে বিশ্ববাসী ঢাকার গুলশানের রেস্তরাঁ জিম্মিকাহিনী জেনে গেছে |
বাংলাদেশের দুই কোটির ওপরে ফেসবুক ব্যবহারকারী থাকায় ছবি-ভিডিও এবং অন্যান্য খবর দিয়ে একেকজন একেকভাবে পুরো ঘটনাটিকে ব্যাখ্যা করে চলেছেন |
প্রায় ২৪ ঘণ্টা বিরামহীন নজর রেখেও আমি বুঝে উঠতে পারিনি কিভাবে পুরো বিষয়টিকে বিশ্লেষণ করা যায় |
কোটি কোটি মানুষের অন্তত লাখো লাখো প্রশ্ন |
কেন এই সময়েই কূটনীতিক এলাকায় এমন একটি জিম্মি প্রসঙ্গ |
যে জঙ্গীরা মারা গেছে তারা দেশেরই মানুষ এবং উচ্চবিত্তের উচ্চশিক্ষিত আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ |
এমন নয় যে ওরা দরিদ্র-তাই বিপ্লব করতে চায় |
ওরা ১৭ জন বিদেশীকে এবং ৩ জন বাংলাদেশীকে হত্যা করেছে |
কিন্তু এই খুনের উদ্দেশ্য কি সেটি ওরা নিজেরাও জানে না |
আমি মনে করি আমাদের শেকড়ের সন্ধান করতে হবে |
এটি অনেকের কাছে হোঁচট খাবার মতো মনে হতে পারে যে, বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশের বড় সঙ্কটটি তৈরি হয় তার জাতীয়তা ও রাষ্ট্রীয় পরিচয় নিয়ে |
দেশের নতুন প্রজন্ম যারা শতকরা প্রায় ৭০ ভাগ তারা '৭৫-এর পর জন্ম নিয়েছে বলে বাংলাদেশের আত্মপরিচয় জানে না |
কেন পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ তৈরি হয়েছে সেটিও দেশের শতকরা ৮০ ভাগ মানুষের কাছে পৌঁছায়নি |
বাস্তবতা হচ্ছে আমরা স্বাধীনতার আগেও একটি মুসলিম প্রধান দেশ ছিলাম |
কিন্তু তখন আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছি |
অথচ অসাম্প্রদায়িক বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি, সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন এখন সবচেয়ে দুর্বল |
আওয়ামী লীগের রাজনীতির একটি বড় দুর্বলতা হচ্ছে ছাত্রলীগ বা যুবলীগকে বাংলাদেশের জন্মের ইতিহাসে তেমনভাবে জানতে দেয়া হচ্ছে না যা তাদের আত্মিক শক্তি হতে পারে |
রাজনৈতিক অনুশীলন নেই বললেই চলে |
স্বাধীনতার আগে দেশে বাম রাজনীতির প্রভাব প্রবল ছিল |
এমনকি ছাত্রলীগ-যুবলীগে-শ্রমিক লীগে প্রগতিশীল রাজনীতির ব্যাপক প্রভাব ছিল |
সেই রাজনীতির ধারাটি যেমনি আওয়ামী ঘরানাতে দুর্বল হয়েছে তেমনি স্বাধীনতার আগে যারা বাম রাজনীতি করতেন তারা এখন বিএনপি জামায়াতের দোসর হয়ে পড়েছেন |
গুলশানের ঘটনায় এটিও স্পষ্ট হয়েছে যে, দেশের ক্যান্সার আক্রান্ত খাতটির নাম শিক্ষা |
এক সময় মাদ্রাসাগুলোকে জঙ্গীবাদের আখড়া মনে করা হলেও হালে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো জঙ্গী উৎপাদনের সেরা কারখানায় পরিণত হয়েছে |
ইংরেজী মাধ্যম স্কুলগুলো কেবল যে বাংলা ভাষা ও সাহিত্য পাঠ করায় না তাই নয়, তারা দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাসও পড়ায় না |
এসব শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে শিক্ষা মন্ত্রণালয় |
এই শিক্ষার্থী গোষ্ঠীর সঙ্গে দেশের মাটি আর মানুষের কোন সম্পর্ক নেই |
অন্যদিকে ডিজিটাল মিডিয়ার অপপ্রচারে তারা এক ধরনের রোমান্টিকতায় আক্রান্ত হয়ে জঙ্গীতে রূপান্তরিত হচ্ছে |
গুলশানের ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ |
আমি মনে করি দেশটিকে সম্পূর্ণভাবে '৭২-এর সংবিধানে প্রতিস্থাপিত করতে হবে এবং এদেশে যারাই রাজনীতি করবেন তাদেরকে সেই সংবিধানের সীমানাতেই রাজনীতি করতে হবে |
আমি মনে করি সতেরো রকমের শিক্ষাকে একটি শিক্ষাধারায় পরিণত করতে হবে |
সকলের শিক্ষার বিষয়বস্তু এক হবে তবে বিশেষায়িত বা ধর্মীয় শিক্ষা বাড়তি হিসেবে প্রচলিত থাকতে পারে |
দেশের সকল শিক্ষার্থীকে মৌলিক পাঠক্রম, পাঠ্যপুস্তক ও একই পরীক্ষা পদ্ধতিতে অংশ নিতে হবে |
শিক্ষার খিচুড়ি পাকানো বন্ধ করতে হবে |
স্কুল-কলেজ-মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ে জঙ্গীবাদের সামান্য লক্ষ্মণ দেখা দিলে সেটি বন্ধ করে দিতে হবে |
অন্যদিকে বাঙালী সংস্কৃতির বেগবান ধারাকে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানোর সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করতে হবে |
আমি খুব দৃঢ়ভাবে মনে করি সাংস্কৃতিক আন্দোলন ছাড়া জঙ্গীবাদ প্রতিহত করা যাবে না |
যে জাতি তার নিজের শেকড় জানে না তাকে যে কেউ অন্য কিছু দিয়ে প্রভাবিত করতে পারে |
আসুন আমাদের নিজের শেকড়টা চিনি |
এদেশের প্রতিটি নাগরিককে, শিশু থেকে প্রবীণ সকলকেই; বাঙালী জাতীয়তাবাদ, বাংলা ভাষা থেকে বাংলাদেশ রাষ্ট্রের জন্মকথা এবং একাত্তরের লড়াইসহ মুজিবনগরের স্বাধীনতা ঘোষণাসহ '৭২-এর সংবিধানকে জানতে হবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.