content
stringlengths
0
129k
মণিপুরীদের ব্রিটিশ বিরোধী আন্দোলন, নুপীলান ও ভানুবিল আন্দোলনের কথা আমাদের ইতিহাসে আসে না
বাঙালি বাদে অপরাপর জাতিসত্ত্বাসমূহের প্রতি রাষ্ট্রের নানান বৈষম্য ও আচরন জাতিসত্তার ইতিহাস ও জীবন সংস্কৃতি যেভাবে আড়াল করে রাখে সেইসব বিষয়ে প্রশ্ন তোলা জরুরী
জরুরী সকল জাতিসত্ত্বাসমূহের নিজস্ব সংস্কৃতির বহুপাক্ষিক মূল্যায়ন
হয়তোবা অনেক প্রশ্ন থেকে গেলেও সেই জায়গা থেকেই মনিপুরী শিল্প আঙ্গিকের এই লেখাটি উপস্থাপন করা হল
রাসলীলা
রাধা-কৃষ্ণের প্রেমলীলার এক নৃত্যগীতাভিনয় অনুষ্ঠান হচ্ছে রাসলীলা
রাস শব্দটি রস শব্দের বিবর্তিত রূপ বলে অনুমান করা হয়
মণিপুরীদের প্রথম রাসলীলা বা রাসলীলানুসরণ অনুষ্ঠান হয় মণিপুরে ১৭৬৯ খৃস্টাব্দে রাজা ভাগ্যচন্দ্র সিংহের আয়োজনে
গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে মোহবিষ্ট রাজা স্বপ্নাদিষ্ট হয়ে কন্যা লাইরোবিকে রাধার ভূমিকায় অবতীর্ণ করে রাস অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন
মৈথিলী ও ব্রজবুলি ভাষার বিভিন্ন পদের মণিপুরী সঙ্গীতের নিজস্ব গায়কী ও মুদ্রা-পদবিক্ষেপে জটিল এই গীতিনৃত্যধারা মণিপুরীদের সর্বপ্রধান আঙ্গিক
৪ প্রকারের রাসলীলা হয়ে থাকে
(১) নিত্যরাস, যা সারা বছর ধরে বিভিন্ন সময়ে মন্ডপে মন্ডপে হয়
(২) কুঞ্জরাস (৩) বসন্তরাস ও (৪) মহারাস, যা কার্তিক পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়
রাসের সাধারণ ক্রম হচ্ছে-
১.সূত্রধারী কর্তৃক রাগালাপ
২. বৃন্দাবন বর্ণন
৩. বৈষ্ণব বন্দনা
৪. বৃন্দার কৃষ্ণ আবাহন
৫. কৃষ্ণ অভিসার
৬.রাধা ও সখীদের অভিসার
৭.রাধা ও কৃষ্ণের সাক্ষাৎ ও মান-অভিমান
৮.ভঙ্গীপারেং
৯. রাধার কৃষ্ণ-সমর্পন
১০. যুগলরূপ প্রার্থনা
১১. আরতি ইত্যাদি
রাসের মন্ডলী বাঁশ ও কাগজ কেটে বিশেষ কারুকাজে তৈরী করা হয়
মন্ডলীর দক্ষিণ-পশ্চিম কোণে বসে ওঝা বা রাসের গুরু, সূত্রধারীগণ এবং বাদকগণ
মৃদঙ্গ ও মন্দিরা বাদ্য হিসেবে গোপিনীদের পোষাক ও অলংকারের কতিপয় নাম-(১) মেইখুম্বি (মাথা ঢাকার ওড়না) (২) লৈত্রেং (কোমরে ব্যবহার্য) (৩) খাওল (কোমর থেকে নীচে নামানো হয়) (৪)তানখা (৫) খুদোপ ইত্যাদি
গোপরাস বা রাখালরাস বা রাখুয়াল
এই রাস পুরুষদের
শ্রীকৃষ্ণ, সখা বলরাম ও অন্যান্য গোপবালকদের গোষ্ঠে গরু চরাতে গিয়ে সম্মুখীন নানা ঘটনার চিত্র এই রাসে রূপায়িত হয়
কৃষ্ণের নানা অলৌকিক ক্ষমতা ও শক্তিমত্তার স্বরূপ ফুটে উঠে এর কাহিনীতে
এই রাসকে মুখ্যত ২ ভাগে ভাগ করা যায়
প্রথমে নন্দগৃহে মা যশোদা ও রোহিনীর কাছ থেকে যথাক্রমে কৃষ্ণ ও বলরামের গোষ্ঠে যাওয়ার আদেশ চেয়ে গান এবং দুঃখভারাক্রান্ত মায়েদের বিদায়গীতি পর্ব
পরবর্তীতে গোচারণে নানা উপাখ্যান ও শেষে গোধূলীলগ্নে গৃহে গমন
মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের বৈষ্ণব ভক্তি ভাবাপন্ন নরম কোমল ভাবের বিপরীতে এখানে তান্ডব ধারার নৃত্যই প্রধান
ওঝা বা গুরু বসে মৃদঙ্গ নিয়ে
আর মানকসাপি বা যশোদা ও রোহিনী-রূপী নারীদ্বয় মন্ডলীর এককোনে বসে গান ও অভিনয় কর্ম সম্পন্ন করে
মঞ্চ ১২ টি কলাগাছ দিয়ে বেষ্টিত থাকে
পোষাক ও অলংকারের নাম : (১) চূড়া ( মাথায় ব্যবহারের) (২) নূপুর (৩) খৌয়ল (৪) লেইত্রেং (৫) টেরে খোংজি ইত্যাদি
বেণীরাস
বেণীরাস দিনের বেলা অনুষ্ঠিত মেয়েদের ক্বচিৎ অনুষ্ঠিত একধরনের রাস
সাদামাটা পোষাকে এই রাস অনুষ্ঠিত হয়
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস হয়ে থাকে
এতে রাধিকা ও সখীদের বিভিন্ন আনন্দদায়ক ঘটনা ও কৃষ্ণের রাধিকা সখ্যতার নানা দুষ্টপ্রদ কাহিনী রূপায়িত হয়
অনেকাংশেই কৃষ্ণ থাকে অনুপস্থিত
বর্তমানে এই রাস হয়না বললেই চলে
লাইহারাওবা
লাই শব্দের অর্থ দেবতা, হারাওবা অর্থ আনন্দদান, এ পূজার উদ্দেশ্য দেবতাকে তুষ্ট করা
মণিপুরীদের সর্বপ্রাচীন এই নৃত্য (উৎসবও) এখনও কদাচিৎ মণিপুরীদের মধ্যে দেখা যায়
নারী ও পুরুষ সারিতে ভাগ হয়ে শোভাযাত্রার মধ্যদিয়ে নৃত্যের শুরু করে
হস্তমুদ্রা, বাঁশের দন্ডদিয়ে বিশেষ যাদু, বলখেলা ইত্যাদি ক্রীড়ানুষ্ঠানের মধ্য দিয়ে এই নৃত্যধারা সম্পন্ন হয়
এতে শাস্ত্রীয় নৃত্যের কোনো চিহ্ন নেই, আদিম উল্লাস ও হর্ষ-অঙ্গভঙ্গি এই নৃত্যের বৈশিষ্ঠ্য
উলুখরাস বা উদুখলরাস
শ্রীমদভাগবতের ১০ম স্কন্ধে বর্ণিত শ্রীকৃষ্ণের বাল্যলীলার কাহিনীকে কেন্দ্র করে এই রাস চয়ন করা হয়েছে
বালক কৃষ্ণের পুতনাবদ, কুবের পুত্রদ্বয়ের যমলার্জুন বৃক্ষরূপ থেকে মুক্তি, শ্রীকৃষ্ণের ননীচুরি, উদুখলবন্ধন ইত্যাদি কাহিনী এই রাসে রূপায়িত হয় আকর্ষণীয় ভাবে
মূলতঃ কার্তিক মাসে, তবে অন্য মাস গুলোতেও হয়ে থাকে
উদুলখলরামে নৃত্য ও গানের সাথে অভিনয়ের আধিক্যই বেশী দেখা যায়
প্রয়োজনে থিয়েট্রিক্যাল সেট ব্যবহারের লোকজ ধারাও এতে বর্তমান
বর্তমানে এ রাসের অনুষ্ঠান খুব কম
খুবাক ঈশৈ বা খুবাকুশি
খুবাক অর্থ করতালি আর ঈশৈ মানে নৃত্য
করতালি সহকারে নৃত্যগীতের আসরকে খুবাক ঈশৈ বলে
রথযাত্রার দিন থেকে হরিশয়ন তিথি পর্যন্ত এই আসর হয়
গীতগোবিন্দ থেকে গান গাওয়া হয় এই গীতিনৃত্যে
বৃত্তকারে মেয়েরা বিশেষ পদবিক্ষেপের সাথে খুবাকুশি পরিবেশন করে
এর মাধ্যমে পাপ খন্ডন হয় বলে বিশ্বাস
নুপীপালা
মহিলাদের এক ধরনের নটপালা-কে নুপীপালা বলা হয়
নুপী শব্দের অর্থ মহিলা
এতে রাধা-কৃষ্ণের নানা প্রণয়লীলা ও নৌকা বিলাস লীলাগীত হয়
মৃদঙ্গ ও মন্দিরা বাদ্য হিসেবে বাজানো হয়
এতে একজন ইশালপি বা গায়িকা নেয় রাধা চরিত্র, আরেকজন কৃষ্ণ
তারা মুক্ত বর্ণনাতেও অংশ নেয়
থাংতা
থাং অর্থ তরবারি, তা অর্থ বল্লম
তরবারি ও বল্লম দিয়ে শারীরিক কৃৎকৌশলের বিশেষ নৃত্যকলাকে থাংতা বলা হয়
মণিপুরে অত্যন্ত জনপ্রিয় হলেও বাংলাদেশে এর প্রচলন খুবই কম
ধ্রুমেল
নটপালার অন্তর্ভূক্ত
তবে আলাদাভাবেও হয়
মৃদঙ্গ বাদনের প্রতিযোগীতার অনুষ্ঠান
সঙ্গে মন্দিরা ও করতালও বাজানো হয়
জোড় সংখ্যক বাদক হতে হয়
মহাধ্রুমেল, গৌরধ্রুমেল ইত্যাদি নানা প্রকারের ধ্রুমেল রয়েছে
হোলি
হোলি উৎসব কিংবা দোলপূর্ণিমার উৎসব ফাগুয়াতে মণিপুরীদের যে পরিবেশনা বাদ্য, গীত ও নৃত্য সহযোগে হয়ে থাকে , তারই নাম হোলি
রাধা-কৃষ্ণের ফাগু বা আবীর খেলার বিভিন্ন রসঘন বর্ণনা, বসন্তের প্রকৃতিবর্ণন ও কৃষ্ণ-গৌরাঙ্গ তত্ত্বের নানা ব্যাখ্যা নিয়ে আকর্ষণীয় এ পরিবেশনার জন্য বিভিন্ন ভ্রাম্যমান দল গঠন করা হয়
দলে নারী-পুরুষ উভয় শিল্পীই থাকে
গভীর রাত পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে হোলির দল গান পরিবেশন করে থাকে
তাদের মধ্যে গানের ফাঁকে ফাঁকে ফাগু খেলাও চলে
কজন মূল গায়ক হোলিগানের নেতৃত্ব দেয়, একেকটি পদ পরবর্তীতে সকলে ধুয়া তুলে বা পুনরাবৃত্তি করে
গানের শেষে বাদ্যের তান্ডব খোলা শুরু হয় নির্দিষ্টতালে
বাদ্য হিসেবে মন্দিরা, করতাল, মৃদঙ্গ ও ঢোল ব্যবহার করা হয়
গায়কেরা ইনাফি বা ওড়না দিয়ে নানা চরিত্রের উপস্থাপনে প্রতীকী আবহ তৈরী করে
হোলির একটি জনপ্রিয় গানের কয় লাইন-
খেলব খেলব শ্যাম তোমার সনে
একেলা পাইয়াছিরে শ্যাম
এ নিঠুর বনে
রাইর হাতে পিচকারী