content
stringlengths
0
129k
মহিলারা অনেক সময় পর্দার হুকুম লঙ্ঘন করে গায়রে মাহরামের সামনেও চলে যায়, যা স্পষ্ট হারাম
এই কার্যাবলি এবং এ ধরনের সকল বাড়াবাড়ি থেকে বেঁচে থাকা ফরয
তাবীযে যদি কুফরী বা শিরকী কোনো কথা লেখা থাকে অথবা তাবীযের নামে যাদু করা হয় বা তাবীয প্রদানকারী/তাবীয গ্রহণকারীর কেউ -আল্লাহ মাফ করুন- তাবীযকেই সরাসরি সমস্যা সমাধানকারী এবং প্রয়োজন পূরণকারী মনে করে
তেমনি যদি তাবীযের সঙ্গে গাইরুল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কৃত মান্নতকে জুড়ে দেওয়া হয় কিংবা অন্য কোনো শিরকী কাজ তাবীযের সাথে যুক্ত থাকে, তাহলে এই তাবীয কুফর ও শিরক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই
এ থেকে যদি খালেস দিলে তওবা করে সম্পূর্ণরূপে তা পরিত্যাগ না করা হয়, তাহলে ঈমান ও ইসলামের নিআমত থেকেই মানুষ মাহরূম হয়ে যাবে
আমাদের এই আলোচনা কেবল মা'ছূর ও মুবাহ তাবীয সম্পর্কে
যারা বাড়াবাড়ি করে একে শিরক বলে দেয় এবং যারা التمائمشرك -এই হাদীসের ভুল ব্যাখ্যা বুঝে বসে আছে, দলীলসহ তাদের খণ্ডন করাই কেবল এই প্রবন্ধের উদ্দেশ্য
এ প্রবন্ধকে কোনো 'মুনকার' তাবীয অথবা কোনো মুনকার দৃষ্টিভঙ্গির সমর্থন মনে করা ভুল হবে
শিরক যেমন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত বিষয় তেমনিভাবে তাওহীদে বিশ্বাসী কোনো মুসলিমকে মুশরিক বলা বা শিরকের অপবাদ দেয়াও আল্লাহর কাছে জঘন্য অপরাধ
হাদীসে বর্ণিত হয়েছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
أَيّمَا امْرِئٍ قَالَ لِأَخِيهِ: يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا، إِنْ كَانَ كَمَا قَالَ، وَإِلا رَجَعَتْ عَلَيْهِ.
কোনো ব্যক্তি তার অপর ভাইকে যদি বলে, 'হে কাফের!', তাহলে একথা এ দুজনের কোনো একজনের উপর পতিত হবেই হবে
যে ব্যক্তিকে কাফের বলা হয়েছে সে যদি কাফের হয় তাহলে তো হলোই, অন্যথায় যে বলেছে (কথাটি) তার দিকেই ফিরে আসবে
-সহীহ মুসলিম হাদীস ৬০; সহীহ বুখারী হাদীস ৬১০৪
আরেক হাদীসে বর্ণিত হয়েছে-
مَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ.
কোনো ব্যক্তি কোনো মুমিনকে কুফরীর অপবাদ দিল সে যেন মুমিন ব্যক্তিটিকে হত্যাই করে ফেলল
(অর্থাৎ কুফরীর অপবাদ দেওয়াটা হত্যার সমানই অপরাধ
) -সহীহ বুখারী, হাদীস ৬১০৫
তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে, বাড়াবাড়ির শিকার হয়ে তাওহীদে বিশ্বাসী কারো উপর কুফর বা শিরকের অপবাদ না দেওয়া
মূল প্রসঙ্গ
এবার আসি মূল প্রসঙ্গে
ইসলামের আগমনের পূর্বে জাহিলিয়্যাতের যুগে রোগ-বালাই থেকে মুক্তির ক্ষেত্রে কয়েক ধরনের উপায় ও পন্থা অবলম্বন করা হত
তন্মধ্যে একটি হল ঔষধের মাধ্যমে চিকিৎসা
ঐ যুগে যেহেতু আল্লাহপ্রদত্ত কোনো ধর্ম তারা অনুসরণ করত না তাই তাদের প্রায় সকল ক্ষেত্রেই তাওহীদ-পরিপন্থী কর্ম ও চরিত্র এবং মানবতা বিবর্জিত বহু বিষয় তাদের ধর্ম বা রীতিতে পরিণত হয়েছিল
ইসলাম এসে তাদের পূর্বের সকল রীতিনীতি পর্যবেক্ষণ করে; যেগুলো তাওহীদ-পরিপন্থী সেগুলো নিষিদ্ধ করে আর যেগুলো এসব থেকে মুক্ত সেগুলোকে আপন অবস্থায় ছেড়ে দেয়
ঔষধ-পত্রের মাধ্যমে চিকিৎসাতে যেহেতু তাওহীদ-পরিপন্থী তেমন কিছু নেই তাই ইসলাম এসে তা পূর্বের ন্যায় বহাল বা বৈধ রাখে
তবে, ইসলাম তাতে এ সংশোধনী অবশ্যই এনেছে যে, ঔষধকে সুস্থতাদানকারী মনে করা যাবে না; বরং সুস্থতাদানকারী হলেন একমাত্র আল্লাহ আর ঔষধ মাধ্যমমাত্র
আর যারা এ চিকিৎসাকর্মে নিজেকে নিয়োজিত করবে সে যেন পরিপূর্র্ণরূপে চিকিৎসা-জ্ঞান অর্জন করে এবং পুরো পারদর্শী হয়ে এ কাজে ব্রত হয়; আংশিক বা ভুল জ্ঞান ও অপরিপক্ক জ্ঞান নিয়ে যেন এ কাজে অগ্রসর না হয়
নিম্নে এ সংক্রান্ত কয়েকটি হাদীস পেশ করা হল :
হযরত আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি চিকিৎসাজ্ঞান অর্জন করা ছাড়া চিকিৎসা শুরু করে, আর তার চিকিৎসায় কেউ মারা যায় বা ক্ষতিগ্রস্থ হয় তাহলে এর দায় ঐ ব্যক্তির উপরই বর্তাবে (তার ক্ষতিপূরণ তাকেই বহন করতে হবে)
-সুনানে আবু দাউদ, হাদীস ৪৫৭৭
হযরত যায়েদ ইবনে আসলাম থেকে বর্ণিত, নবীজীর যুগে এক ব্যক্তির শরীর যখম হয় এবং ফুলে রক্ত-পুঁজ জমে যায় তখন লোকটি বনী আনমারের চিকিৎসক দুই ভাইকে ডাকলেন
নবীজী তাদের উভয়জনকে দেখে বললেন, চিকিৎসায় তোমাদের মধ্যে কে বেশি পারদর্শী? তারা দুজনে বললেন, ইয়া রাসূলাল্লাহ! চিকিৎসাকর্ম কি ভালো? তখন নবীজী বললেন, যিনি রোগ নাযিল করেছেন তিনি চিকিৎসাও নাযিল করেছেন
-মুয়াত্তা মালেক, হাদীস ১৭৫৭
হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস রা. বলেন, আমি একদা অসুস্থ হই, তখন নবীজী আমাকে দেখতে আসেন এবং তাঁর হাত আমার বক্ষে রাখেন
আমি তাঁর হাতের শীতলতা আমার কলিজা পর্যন্ত অনুভব করি
তখন নবীজী আমাকে বললেন, তুমি হৃদরোগী, তুমি হারেস ইবনে কালদার কাছে যাও, সে চিকিৎসক
সে যেন সাতটি আজওয়া খেজুর নেয় এবং তা বিচিসহ চূর্ণ করে, অতপর যেন তোমাকে পান করায়
-সুনানে আবু দাউদ, হাদীস ৩৮৭১
হযরত আবুদ দারদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রোগও নাযিল করেছেন এবং তার নিরাময়কও
আর তিনি প্রত্যেক রোগের জন্য নিরাময়কও রেখেছেন তাই তোমরা চিকিৎসা কর, তবে হারাম বস্তু দিয়ে চিকিৎসা করো না
-সুনানে আবু দাউদ, হাদীস ৩৮৭০
হাদীস ও আসারের কিতাবে এ বিষয়ে বহু হাদীস, সাহাবা-সালাফের উক্তি ও নির্দেশনা রয়েছে
এখানে মাত্র কয়েকটি উল্লেখ করা হল
রোগ-বালাই নিরাময়ে জাহেলিয়্যাতের যুগে যেসব উপায় অবলম্বন করা হত তন্মধ্যে আরেকটি হল ঝাড়ফুঁক অর্থাৎ কিছু পড়ে রোগীর গায়ে দম করা
এ ঝাড়ফুঁকের প্রচলন সে যুগে বেশি ছিল
এমনকি অনেক রোগের জন্য বিশেষ বিশেষ মন্ত্রও ছিল, যা পড়ে এ রোগের রোগীকে দম করা হত
সাপে কাটলে এক মন্ত্র, জ্বরের জন্য আরেক মন্ত্র, বদ নজরের জন্য এক মন্ত্র, স্বামী-স্ত্রীর সম্পর্ক স্থাপনে আরেক মন্ত্র ইত্যাদি
এ ঝাড়ফুঁককে আরবীতে বলা হয় الرقية (আররুকইয়া)
বলাবাহুল্য, জাহিলিয়্যাতের যুগে এসব তন্ত্র-মন্ত্রের অধিকাংশই ছিল কুফর আর শিরক সম্বলিত
আর ইসলামের প্রধান ভিত্তি হল তাওহীদ
তাই ইসলাম এসেই কোনো প্রকার শর্র্ত ছাড়াই এ ধরনের সকল ঝাড়ফুঁককে নিষিদ্ধ করে দেয়
নবীজী তখন ঘোষণা করেন-
إِنّ الرّقَى، وَالتّمَائِمَ، وَالتِّوَلَةَ شِرْكٌ.
নিশ্চয় ঝাড়ফুঁক, তামীমা (পাথরবিশেষ) ও তিওয়ালা (স্বামীকে আকৃষ্ট করার মন্ত্রবিশেষ) শিরক
-সুনানে আবু দাউদ, হাদীস ৩৮৭৯
এবং ঝাড়ফুঁকের ব্যাপারে কঠোরভাবে শর্ত করে দিলেন যে, তাতে কোনো শিরকী-কুফরী শব্দ বা বিষয় থাকতে পারবে না
এ ধরনের শিরকমুক্ত ঝাড়ফুঁক হলে নবীজী তার অনুমোদন তো দিয়েছেনই সাথে সাথে যারা এসব ঝাড়ফুঁক জানে তাদের তা চালিয়ে নিতে এবং অন্যকে শেখাতেও বলেছেন
আর স্বয়ং নবীজীও ঝাড়ফুঁককারীদের মন্ত্রগুলো শুনতেন এবং দেখতেন তাতে কোনো কুফরী কথা আছে কি না, থাকলে তা নিষিদ্ধ করে দিতেন আর না থাকলে তার অনুমোদন দিতেন
হযরত আউফ ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জাহিলিয়্যাতের যুগে ঝাড়ফুঁক করতাম
আমরা নবীজীকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি বিষয়টি কেমন মনে করেন? তখন নবীজী বললেন-
اعْرِضُوا عَلَيّ رُقَاكُمْ لَا بَأْسَ بِالرّقَى مَا لَمْ تَكُنْ شِرْكًا.
তোমরা ঝাড়ফুঁকে কী বল তা আমাকে শোনাও
যতক্ষণ পর্যন্ত ঝাড়ফুঁক শিরকমুক্ত হবে তাতে কোনো অসুবিধা নেই
-সুনানে আবু দাউদ, হাদীস ৩৮৮৬
হযরত জাবের রা. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে উমাইস রা.-কে বললেন-
مَا شَأْنُ أَجْسَامِ بَنِي أَخِي ضَارِعَة أَتُصِيبُهُمْ حَاجَةٌ قَالَتْ لَا وَلَكِنْ تُسْرِعُ إِلَيْهِمْ الْعَيْنُ أَفَنَرْقِيهِمْ قَالَ وَبِمَاذَا فَعَرَضَتْ عَلَيْهِ فَقَالَ ارْقِيهِمْ.
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসমা বিনতে উমাইস রা.-কে বললেন, (আসমা নবীজীর চাচাতো ভাই ও প্রসিদ্ধ সাহাবী জাফর তাইয়ার রা.-এর সহধর্মিণী) আমার ভ্রাতুষ্পুত্রদের কী হল, তারা সকলে দুর্বল হয়ে যাচ্ছে
তারা কি অভাবে রয়েছে? আসমা বললেন, না, তবে তাদের প্রতি বদ নযর বেশি লাগে; আমরা এর জন্য কি ঝাড়ফুঁক করব? নবীজী বললেন, কী পড়ে তোমরা বদ নযরের জন্য ঝাড়ফুঁক কর- তা আমাকে শোনাও
তখন আসমা রা. তা পড়ে শোনালেন
তখন নবীজী বললেন, অসুবিধা নেই এ দিয়ে ঝাড়ফুঁক কর
-মুসনাদে আহমাদ, হাদীস ১৪৫৭৩
হযরত উবাদা ইবনে সামেত রা. বলেন-
كنت أرقي من حمة العين في الجاهلية فلما أسلمت ذكرتها لرسول الله صلى الله عليه و سلم فقال : " اعرضها علي " فعرضتها عليه فقال : "ارق بها فلا بأس بها" . ولولا ذلك ما رقيت بها إنسانا أبدا. (رواه الطبراني وإسناده حسن)
আমি জাহিলিয়্যাতের যুগে বদ নযরের ঝাড়ফুঁক করতাম
যখন ইসলাম গ্রহণ করি তখন নবীজীকে বিষয়টি বলি, নবীজী বললেন, তুমি যা বলে ঝাড়ফুঁক কর তা আমাকে শোনাও
আমি তাঁকে শোনালাম
তখন নবীজী বললেন-
ارق بها، ليس بها بأس.
অসুবিধা নেই এ দিয়ে ঝাড়ফুঁক করতে পার
আল্লাহর কসম, নবীজী আমাকে অনুমতি না দিলে আমি কোনো এক লোককেও ঝাড়ফুঁক করতাম না
-মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ৮৪৪৪ (তবারানীর বরাতে
হায়ছামী বলেছেন, এর সনদ হাসান
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন-
كَانَ خَالِي يَرْقِي مِنَ الْعَقْرَبِ، فَلَمّا نَهَى رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ عَنِ الرّقَى، أَتَاهُ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنّكَ نَهَيْتَ عَنِ الرّقَى، وَإِنِّي أَرْقِي مِنَ الْعَقْرَبِ، فَقَالَ: " مَنْ اسْتَطَاعَ أَنْ يَنْفَعَ أَخَاهُ فَلْيَفْعَلْ ".
আমার মামা বিচ্ছুর দংশনের ঝাড়ফুঁক করতেন
যখন নবীজী ঝাড়ফুঁক নিষিদ্ধ করেন তখন তিনি নবীজীকে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি ঝাড়ফুঁক থেকে নিষেধ করেন, আমি তো বিচ্ছু কাটার ঝাড়ফুঁক করি
নবীজী বললেন কেউ তার ভাইয়ের উপকার করতে পারলে সে যেন তা করে
-মুসনাদে আহমাদ ৩/৩০২, হাদীস ১৪২৩১; সহীহ মুসলিম, হাদীস ২১৯৯
আমর ইবনে হাযম-এর পুরো পরিবার ঝাড়ফুঁক করত
নবীজী যখন ঝাড়ফুঁক নিষেধ করেন তখন আমর ইবনে হায্ম-এর পরিবার নবীজীর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি ঝাড়ফুঁক নিষেধ করেছেন, আমরা বিচ্ছুর দংশনের ঝাড়ফুঁক করি; এই বলে তারা তাদের পঠিত কথাগুলো পড়ে শোনায়
তখন নবীজী বললেন, কেউ তার ভাইয়ের উপকার করতে পারলে সে যেন তা করে
-মুসনাদে আহমাদ ৩/৩০২, হাদীস ১৪৩৮২; সহীহ মুসলিম, হাদীস ২১৯৯
যেহেতু হযরত জাবেরের মামা এবং এই আনসারী সাহাবীর ঝাড়ফুঁকে পঠিত কথাগুলোতে শিরক ছিল না তাই নবীজী তাদেরকে এমন বলেছেন
হযরত আয়েশা রা. বলেন-
رخص رسول الله صلى الله عليه و سلم لأهل بيت من الأنصار في الرقية من كل ذي حمة.
নবীজী আনসারী এক পরিবারকে বিষাক্ত প্রাণীর ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন
-সহীহ মুসলিম, হাদীস ২১৯৩
অর্থাৎ তাদের পরিবার এ ঝাড়ফুঁক করত